Showing posts with label ছড়া. Show all posts
Showing posts with label ছড়া. Show all posts

Saturday, September 11, 2010

ইচ্ছামতীঃ ছোটদের একটা বাংলা ওয়েব ম্যাগাজিন

ইচ্ছামতী - ছোটদের জন্য একটা বাংলা ওয়েব ম্যাগাজিন। একটা ছড়া পাঠিয়েছিলাম ইচ্ছামতীর দপ্তরে। ছড়াটা প্রকাশ পেয়েছিল ইচ্ছামতীর এই ২০১০ এর গ্রীষ্ম সংখ্যায়। ছড়াটা পড়া যাবে এখানে - "হরেক ডাক"

Thursday, February 04, 2010

গোঁজামিল [GNOJAMIL]


আমি এক বড় কবি।
মিল দিয়ে আঁকি ছবি।।
এটা পেন-পিক্‌চার
রোগী খায় মিক্সচার।।
লেপমুড়ি দেয় কালু।
ক্ষেতে ওঠে রাঙা আলু।।
আকাশের গায়ে শীত।
শিলনোড়া গায় গীত।।
খেতে মিঠে নিমফল।
পেলে খেলে ফুটবল।।
আলো দেয় লন্ঠন।
জোরে হাঁটা হন্টন।।
দেখ আমি দিই মিল।
আসলেতে গোঁজামিল।।
________ 

* নয়ালাপ, ফেব্রুয়ারী-১৯৯৫।।

Sunday, January 17, 2010

টাপুর-টুপুর বৃষ্টি ঝরে (TAPUR TUPUR BRISHTI JHORE)

টাপুর-টুপুর বৃষ্টি ঝরে -
ছাতের 'পরে।

জলের বুকে কাঁপন ধরায়
গাছের পাতায় পরশ জাগায়
এমন ছবি নাইতো হেথা,
এযে শহর কোলকাতা !

হেথা নাইতো কোন সোঁদামাটির  ঘ্রাণ
আনন্দেতে গেয়ে ওঠা ছোট্ট পাখির গান।
জানলা দিয়ে দেখি – বৃষ্টি ঝরে,
দূরে-কাছে – সকল ছাতের 'পরে !

উতলা মন ঘোচাতে চায় বদ্ধ খাঁচার বাধা,
এ শহর এক মস্ত গোলকধাঁধা।

হরেক রকম কাজের পাকে বাঁধে,
ছাড়াতে না’রে – এ পরাণ তাই কাঁদে।
মনই তখন চলে উড়ে -
দু-রে  ব-হু-দূ-রে !

যেথায় মনে হরষ জাগে -
যেথার বায়ু পরাণ মাগে,
সেথাই আমি চলব ছুটে
সকল পথের বাঁধন টুটে।
  ________________

Thursday, December 03, 2009

আগুনের ছড়া (AGUNER CHHARA)

 ১৯৯৮। বৈশাখ সংখ্যায় 'মালঞ্চ'তে প্রকাশিত হয়েছিল এই কবিতাটা।

     ।।  আগুনের ছড়া  ।।


আগুন, আগুন, আগুন রে ভাই
          আগুন চারিদিকে।
স্থলে আগুন, জলেও আগুন
          আগুন আকাশ ব্যেপে।।
বাসে আগুন, ট্রামে আগুন
          জ্বলছে আগুন ট্রেনে।
জ্বলছে ক্রোধ লোকের চোখে
          আগুন বাণ হেনে।।
চারিদিকে আগুন শুধু
          দেখ আগুন তেলে।
সব কিছুরই মূল্য যেন
          ছুটছে আগুন জ্বেলে।।
তাও যদি হয় দামে আগুন
          আগুন দেখ লাইনে।
তাইতো রাগে পড়ছি ফেটে
          আগুন মোদের গানে।।
সব কিছুতে আগুন কেমন
          পাল্লা দিয়ে ছোটে।
সত্য কথাই বলি এটা
          নয়কো মিথ্যা মোটে।।
     _________________